স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (তুষার) (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলম (তুষার) ঈশ্বরদীর বাজারপাড়া পাকশী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সাহাপুর গ্রামে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিয়ে অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। পরে ইয়াবাগুলো যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন।