চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে ৫ গ্রাম হেরোইনসহ মোছা. সাহানা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১১ আগস্ট) চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে মাদকবিরোধী নিয়মিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেল টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মোছা. সাহানা বেগম মথুরাপুর গ্রামের মো. আতিকুর রহমানের স্ত্রী। অভিযানের সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে সাহানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।