চলনবিল সংবাদদাতা, গুরুদাসপুর: চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহোদরসহ তিন গরু ব্যবসায়ীর। নিহত দুই ভাই হলেন আক্কাছ আলী (৫৫) ও জাহাঙ্গীর আলম (৪৬)। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপর ব্যক্তি হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর-ধামানিয়াপাড়া এলাকার গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০)।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশে ভুটভুটিতে যাচ্ছিলেন। পথে নয়াবাজার এলাকার হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আক্কাছ আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই জাহাঙ্গীর আলমও গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আহত চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।