চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরের হরিপুর দুর্গাদাস হাইস্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রকাশিত একটি আমন্ত্রণপত্রে ভুল শিরোনাম ব্যবহার করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ওই আমন্ত্রণপত্রের শিরোনামে লেখা হয়, “০৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস পালনের পত্র”। পোস্টটি প্রকাশের পরপরই বিষয়টি নজরে আসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। অনেকেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে এ ধরনের ভুল কীভাবে প্রকাশিত হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন।

অল্প সময়ের মধ্যেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার ২দিন পরে কলেজ কর্তৃপক্ষ পোস্টটি সম্পাদনা করে শিরোনামে “০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস” লিখে সংশোধন করে।

তবে পোস্টটি সংশোধনের আগেই এর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেসবুকে অনেকেই মন্তব্য করেন, সারা দেশে যেখানে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হচ্ছে, সেখানে হরিপুর দুর্গাদার হাই স্কুল অ্যান্ড কলেজের পেজে ‘জুলাই গণহত্যা দিবস’ উল্লেখ করা হয়েছে।

অনেক ব্যবহারকারী স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিয়ে সমালোচনা করেন এবং দায়িত্বশীল একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন ভুল জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয় বলেন, “একটি কলেজের পেইজ থেকে যদি এমন ভাবে হেডলাইন লেখা হয় সেটি অত্যন্ত দুঃখজনক। আরো দুঃখজনক ব্যাপার পোষ্টটি সোমবার ৭টা ৫২ মিনিটে করা হয়। এর পরেই বিভিন্ন মন্তব্য করে অনেকেই কিন্তু, পোস্টের সমস্ত কমেন্টস ডিলিট করে দেওয়া হয় এবং দুইদিন পরে সেটি সংশোধন করা হয়। রাকিবুল ইসলাম হৃদয় প্রশ্ন তোলেন, যদি এটি অনাকাঙ্ক্ষিত ভুলই হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ কেন দুইদিন পোস্টটি ওইভাবে রেখে দিল।”

এ বিষয়ে বক্তব্য জানতে হরিপুর দুর্গাদার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।