চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরের ডিকসি বিলে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ডিকসি বিলে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ হওয়া জালের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, প্রজনন ক্ষেত্র ও দেশীয় মাছের বংশবিস্তার রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।

অভিযানটি বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চাটমোহর, পাবনা।