সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, লাইনচ্যুতির ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে ঘটনাটির কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আনার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত রেলপথ সচল করার কাজ শুরু হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.