ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে সুমন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দোকান মালিক ও তার দুই ছেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

রোববার (২ আগস্ট) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঠান্ডাতলা এলাকার মো. হাবিবুল মণ্ডলের দোকানে একদল ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে দোকান মালিক হাবিবুল মণ্ডল ও তার ছেলে শাকিল মণ্ডল বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে হাবিবুল মণ্ডল, শাকিল মণ্ডল এবং সাহান মণ্ডল গুরুতর আহত হন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে একজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতার মারধরে ওই ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোহিদুল ইসলাম তুহিন বলেন, নিহত সুমন এলাকায় ‘চোর সুমন’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে। চুরির সময় দোকান মালিক ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার পর স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চুরির সময় দোকান মালিক ও তার ছেলেদের আহত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের গণপিটুনিতে সুমনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।