ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কাউন্সিলে সকাল থেকেই ভোটকেন্দ্রে কাউন্সিলর ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. আবুল কালাম আজাদ ২৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মো. শহিদুল ইসলাম শহিদ পান ১৯২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকের মো. আতাউর রহমান খোকন ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের মো. আতাউর রহমান আতা পান ১০৮ ভোট।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে দেওয়াল ঘড়ি প্রতীকের মো. আবু তাহের ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মোহাম্মদ আলী খান পান ৯৭ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানে অনুপস্থিত ছিলেন ৬ জন। ভোট গণনা শেষে ৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় পুরো কাউন্সিলস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নবনির্বাচিত সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, “কাউন্সিলরদের দেওয়া এই আস্থার প্রতিদান দিতে আমি ঐক্যবদ্ধভাবে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব।”

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে খানমরিচ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম নতুন মাত্রা পাবে।