ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

লিখিত অভিযোগে উপজেলার পার-ভাঙ্গুড়া এলাকার বাসিন্দা মো. জয়নুল আবেদীন জানান, তার ১৮ বছর বয়সী ছেলে মো. আব্দুল রাব্বী মানসিক ভারসাম্যহীন। এ কারণে তাকে প্রায়ই নিরাপত্তার স্বার্থে বাড়িতে শিকল দিয়ে রাখা হতো। গত ২৪ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে সে শিকল খুলে বাড়ি থেকে বের হয়ে যায়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, রাব্বী উপজেলার রাঙ্গালিয়া এলাকায় অবস্থান করছেন। সেখানে গিয়ে তারা জানতে পারেন, স্থানীয় কয়েকজন তাকে চোর সন্দেহে আটক করে মারধর করেছেন।

অভিযোগে বলা হয়েছে, রাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম আজাদ, সবুজ, শিপন হোসেন, শাওন, শিহাব, জুয়েল রানা ও রবিউল করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন কাঠের বাটাম, বাঁশের লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে আব্দুল রাব্বীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখমের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল রাব্বীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, প্রথমে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, “গভীর রাতে ওই ব্যক্তিকে একটি ভ্যানের ওপর বসে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে। এরপর চোর ভেবেই তাকে মারধর করা হয়েছে।”

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”