ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে তারা বাড়ির পথে ফিরছিলেন। পথে লালন শাহ সেতু পার হওয়ার পর গাড়ি থামিয়ে একজন নেমে গেলে দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা গাড়িতে মাদক রয়েছে দাবি করে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় গাড়ির সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগ দেখতে পেয়ে সেটিকেও সন্দেহজনক বলে দাবি করে অভিযুক্তরা। ঘটনাস্থলে ব্যাগ খুলে দেখানোর প্রস্তাব দিলেও তারা তা না করে পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাচাইয়ের কথা বলে এবং ব্যবসায়ীদের তাদের পিছু নিতে নির্দেশ দেয়।

কিছু দূর যাওয়ার পর অভিযুক্তরা পুলিশ ফাঁড়ির দিকে না গিয়ে নির্জন হারুখালী মাঠের দিকে চলে যায়। এতে সন্দেহ হলে ব্যবসায়ীরা প্রতিবাদ করেন। অভিযোগ রয়েছে, তখন তাদের ভয়ভীতি ও গালাগাল করা হয়। পরে নির্জন স্থানে গাড়ি থামিয়ে এক ব্যবসায়ীর কাঁধে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে ধারালো ছুরি দেখিয়ে জিম্মি করে ব্যাগে থাকা ৪ লাখ ২৬ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় চক্রটি।

ঘটনার পর স্থানীয় এক মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”