ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার নৌবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি উপজেলার ভদ্রপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে মো. ছোয়াত ইমন প্রাং (২৫)।

পুলিশ জানায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে গ্রেফতার ব্যক্তির কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।