ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সিএনজি অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে যানবাহন ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শফিকুল ইসলাম (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে একজনকে আটক ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে দুই ব্যক্তি যাত্রী সেজে পাবনা থেকে রূপপুর যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। পথিমধ্যে ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে তারা চালকের ওপর ছুরি দিয়ে হামলা চালিয়ে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে অভিযানে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার এবং একজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অপর অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।