চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমি। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ফলজ ও বনজ গাছের চারা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম তাইজুলের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, একটি চারা যেমন সঠিক পরিচর্যায় বড় হয়ে সমাজ ও পরিবেশের উপকারে আসে, তেমনি একটি শিশুকেও ভালোবাসা, সঠিক শিক্ষা এবং নিয়মিত তত্ত্বাবধানে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান সময়ে সন্তানদের নিরাপদ ও মানবিকভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে পড়াশোনা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে ক্রীড়াবিদদের জন্য উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি এবং পেশাগত জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। একই সময়ে মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির সদস্য মোতালেব, ইমরান, আকাশ, রুহুল, এজাজুল, নিহাল, সাগর, চঞ্চল, শফিকুলসহ অন্যান্য সদস্য সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা এবং ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.