পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. সুফি উল্লাহ-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকার খান বাহাদুর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঘবপুরের ১৩৫৫ নম্বর একতলা ভবনে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দোহারপাড়া (কড়ইতলা মোড়) এলাকার মৃত ফজলু রহমানের ছেলে শেখ লিটন (৪১)। পরে তাকে আটক করা হয়।
এরপর সাক্ষীদের উপস্থিতিতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের তোশকের নিচে রাখা একটি জিপার ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ লিটন স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এছাড়া পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক পূর্বের মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.