চাটমোহর (পাবনা) প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল, গোষ্ঠী বা শ্রেণির আন্দোলন ছিল না। এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, যেখানে শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক, কৃষক, কর্মকর্তা এবং ছাত্র-জনতা একসঙ্গে অংশ নিয়েছেন।

শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জুলাই যোদ্ধাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রুমা বলেন, জুলুম, নির্যাতন, গুম, খুন এবং কথিত ‘আয়নাঘর’-এর বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তিনি বলেন, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের গণআন্দোলনের মতোই জুলাই শহীদদের জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে বহু রাজনৈতিক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলার ভার বহন করছেন বলেও তিনি উল্লেখ করেন। জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন আব্দুল আলিম সরকার, হাসানুজ্জামান সবুজ, ফয়সল কবির, আতাউর রহমান স্বপন, কামরুল হাসান, হিরণ আহমেদ, জাহিদ ও রুবেল।

এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, এ এম জাকারিয়া, আতাউর রহমান তোতা, শেখ জিয়ারুল হক সিন্টু এবং আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।