বিশেষ প্রতিবেদক: পাবনার চাটমোহর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৮৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপনের পর পৌরসভার বিদ্যমান সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক ইকবাল কবির রঞ্জু, বকুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাজেটে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।