পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি

স্টাফ রিপোর্টার: পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার রাত ১১ টায় আয়োজিত প্রেস কনফারেন্সে অভিযানের বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

পুলিশ জানায়, রেঞ্জ ডিআইজির নির্দেশনায় পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ।

এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০০ বোতল ফেনসিডিল।

অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের দাবি, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জেলা জুড়ে চেকপোস্ট ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।