পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
পাবনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) বিকেলে পাবনা সদর উপজেলার সিংগা রেলগেট এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। অভিযানে মাদক ও জাল মুদ্রাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার শালগাড়িয়া (তালবাগান) এলাকার বাসিন্দা মো. রায়হানুল ইসলাম রানা (৪০) এবং সিংগা উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. আকাশ খান (২৪)।
পুলিশ জানায়, রায়হানুল ইসলাম রানার দেহ তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল ব্যাংক নোট, যার মোট মূল্য ১২ হাজার টাকা, উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জাল নোট সংগ্রহ ও বাজারজাত করার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অপর সদস্য মো. পলাশ (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জাল মুদ্রা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.