ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মুত্তালিব হোসেন (৪০)। অভিযানের সময় তাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মুত্তালিব হোসেন স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Reply
You must be logged in to post a comment.