ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম থানার পূর্ণকলস (কলেজপাড়া) এলাকার মোছা. লাবনী আক্তার ওরফে রাখি (৩৬)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী একটি বসতবাড়িতে প্রবেশ করে পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার পরিহিত পোশাকের বিশেষভাবে তৈরি পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী জানান, তিনি নাটোর ও পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং নাটোরের বড়াইগ্রাম ও পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.