ডিবির অভিযানে আটক ৭ জন। রবিবার বিকালে পাবনা জেলা পুলিশের গোয়ন্দা শাখা কার্যালয়ের সামনে।

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় এবং একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত একটার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

রবিবার (০৫ জুলাই) বিকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন (৩১), একই উপজেলার রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদী উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের সজীব মন্ডল (২৭), একই উপজেলার চর সলিমপুর গ্রামের তুষার ইমরান (৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম (৩০), একই গ্রামের রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার এনসিডিপি গোয়ার্স মার্কেটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় মার্কেটের ভেতরে অবস্থানরত ৭ জন ব্যক্তি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে ১টি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্রটি ইকবাল হোসেন ইমন এর কাছে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে অস্ত্রটি চৌকির নিচে রেখে দেয়। তারা অস্ত্রটির বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।