ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার ডেমরা এলাকার কয়েকটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সার্ভেয়ার মো. রিয়াদুল ইসলাম, নাজির মো. জমিরউদ্দিন সরকার, তৌহিদুল ইসলাম এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে অবৈধভাবে উৎপাদন ও সংরক্ষণ করা বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত জাল ও উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জনস্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, জলজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।