নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার (২৮ জুন) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পাবনা সদর উপজেলার দিলালপুর পাথরতলা এলাকার একাধিক মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি পাবনা টিম মোট দুইজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, গোবিন্দ এলাকার মৃত সাগরের ছেলে মো. সেতু (৩৫) এবং দিলালপুর এলাকার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে মো. বকুল প্রামাণিক (৫২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, চলতি জুন মাসে এ পর্যন্ত জেলায় মাদক-সংশ্লিষ্ট অপরাধে মোট ১০৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।