ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে প্রশাসন আবারও হস্তক্ষেপ করেছে। কয়েকদিন আগে জেলা পরিষদের ডাক বাংলোর সরকারি জমি উদ্ধার অভিযানের পর একই এলাকায় নতুন করে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ ওঠায় ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৌরসভার সার্ভেয়ার, পৌর ভূমি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মোস্তফা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট স্থানে নির্মাণাধীন পিলার ও অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন এবং সরকারি রাস্তা দ্রুত দখলমুক্ত করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তাও দেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “সরকারি জমি বা রাস্তা দখলের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, সরকারি সম্পত্তি সংরক্ষণে প্রশাসনের ধারাবাহিক তৎপরতা জনস্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।