পাবনা প্রতিনিধি: পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসেট প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য ছিল “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা”।
সোমবার (২২ জুন) সকাল ১০টায় পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামসাদ খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোকসেদুল আলম এবং পাবনা ডাইনামিক সান পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্লান্ট ম্যানেজার মো. জহুরুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির।
এছাড়া আলোচনায় অংশ নেন নদী গবেষক ড. মনসুর আলম এবং পাবনা সাইদ সাইমন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদুল ইসলাম।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, প্যাটার্ন শনাক্তকরণ, ভবিষ্যৎ পূর্বাভাস এবং সিদ্ধান্ত গ্রহণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী ও বাস্তবমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে পাবনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.