চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় খোরশেদ নামের এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার রেলবাজার সংলগ্ন অমৃতকুন্ডা এলাকা থেকে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া শিশু রাজদেব (প্রায় ৪) মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের সেন্টুর ছেলে। তার মায়ের নাম খুশি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে চাটমোহর পৌরসভার দোলং মহল্লায় ঘোরাফেরা করছিলেন খোরশেদ। শিশুটির সঙ্গে তার সম্পর্ক ও অবস্থান নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর বোন ও স্বজনরা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করে নিজেদের জিম্মায় নেন।

আটক খোরশেদ নিজেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলজোড় গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে এবং তিনি নেশাগ্রস্ত বা মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো চিকিৎসাগত বা প্রশাসনিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ আলিউর রহমান জানান তাকে দেখে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে।