সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ।

টুর্নামেন্টে মুখোমুখি হয় দহপাড়া ফুটবল একাদশ ও নিউ বোয়ালমারী সোনালী সংঘ। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে দহপাড়া ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে নিউ বোয়ালমারী সোনালী সংঘ রানার্সআপ হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্যসচিব জাফর ইকবাল হীরক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন এবং মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্ট আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোয়ালমারী গ্রামের কৃতী সন্তান ও মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা। এছাড়া দহপাড়া গ্রামের মোজাফফর মেম্বারের নেতৃত্বে দহপাড়া ফুটবল একাদশের সমর্থকরা খেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দহপাড়া ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং নিউ বোয়ালমারী সোনালী সংঘের হাতে রানার্সআপ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নূর মুজাহিদ স্বপন।

এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুন্দর সমাজ গড়তে হলে তরুণদের স্মার্টফোনের আসক্তি কমিয়ে বিকেলবেলা খেলার মাঠে ফিরতে হবে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

আয়োজক ও দর্শকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে স্থানীয় পর্যায়ে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং যুবসমাজ একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে।