মো. মেহেদী হাসান | ভাঙ্গুড়া: পথের বেওয়ারিশ কুকুরগুলোও যেন খুঁজে পেয়েছে আপন ঠিকানা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবারের আশায় এক জায়গায় জড়ো হয় তারা। কেউ দুধ মেশানো ভাত খায়, কেউ পাউরুটি, কেউবা বিস্কুট। আর বাড়িতে যেদিন মাংস রান্না হয়, সেদিন কুকুরগুলোর জন্যও আলাদা করে মাংস রান্না করতে ভোলেন না তিনি। মানুষের মতোই প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা। এই ভালোবাসার মানুষটি খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ। রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও এলাকায় তাঁর আরেকটি পরিচয় গড়ে উঠেছে প্রাণীপ্রেমী হিসেবে। প্রায় পাঁচ বছর ধরে নিজের উদ্যোগে ঘাঘরবাজারের অসহায় কুকুরগুলোর খাবারের দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে প্রতিদিন তিন বেলা প্রায় ২৫ থেকে ৩০টি কুকুরের খাবার জোগান দেন।

স্বামী বিবেকানন্দের অমর বাণী, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ যেন আজাদের জীবনে কেবল কথার বাণী নয়, বাস্তব চর্চা। প্রাণীর প্রতি মমতা থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন হয়ে উঠেছে নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি আলাদা টান ছিল আজাদের। পথেঘাটে কুকুর কিংবা বিড়াল দেখলে খাবার কিনে খাওয়াতেন। অসহায় প্রাণীর প্রতি তাঁর মমতা শুধু খাবার দেওয়াতেই সীমাবদ্ধ নয়। কোনো প্রাণী অসুস্থ হলে কিংবা আঘাত পেলে চিকিৎসার ব্যবস্থা করেন। কখনো নিজ হাতে ক্ষত পরিষ্কার করে মলম লাগিয়ে দেন, খাওয়ান ওষুধ। এমনকি কুকুরের পায়ের নখ কেটে দেওয়ার মতো যত্নও করেন তিনি।

### করোনাকালে শুরু, আজও থামেনি ভালোবাসার পথচলা

করোনার সংক্রমণ ঠেকাতে যখন লকডাউন শুরু হয়, বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ। মানুষের পাশাপাশি খাদ্যসংকটে পড়ে বাজারের আশপাশে ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরগুলোও। ঠিক সেই সময় প্রাণীগুলোর অসহায়ত্ব নাড়া দেয় আজাদের হৃদয়ে। শুরু করেন খাবার দেওয়ার কাজ।

লকডাউনে মানুষ যখন ঘরবন্দি, বাইরে চলাচলে বিধিনিষেধ আর চারদিকে আতঙ্ক, তখন বাড়িতে রান্না করা খাবার নিয়ে কুকুরগুলোর পাশে দাঁড়ান তিনি। শুরুতে পাঁচ থেকে সাতটি কুকুরকে খাবার দিতেন। ধীরে ধীরে কুকুরের সংখ্যা বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে তাঁর দায়িত্বও। কিন্তু থেমে যায়নি উদ্যোগ। পাঁচ বছর আগে শুরু হওয়া সেই খাবার দেওয়ার কাজ আজও নিয়মিত চলছে।

এখন প্রতিদিন তিন বেলা খাবারের আয়োজন করতে হয় ২৫ থেকে ৩০টি কুকুরের জন্য। খাবারের তালিকায় থাকে দুধ মেশানো ভাত, পাউরুটি ও বিস্কুট। বাড়িতে মাংস রান্না হলে কুকুরগুলোর জন্যও আলাদা মাংসের ব্যবস্থা করেন তিনি। সময়মতো খাবার পেতে কুকুরগুলোও যেন অভ্যস্ত হয়ে উঠেছে। নির্দিষ্ট সময় হলে একসঙ্গে জড়ো হয়, আর আজাদের অপেক্ষায় থাকে।

### উপহাস থেকে প্রশংসা, পাশে দাঁড়িয়েছে পরিবারও

শুরুর দিকে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আশপাশের ব্যবসায়ী ও পরিবারের কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। অনেকে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। তবে সময়ের সঙ্গে তাঁর কাজের আন্তরিকতা বুঝতে পেরে সেই মনোভাব বদলেছে। এখন অনেকেই প্রশংসা করেন, উৎসাহ দেন।

এই উদ্যোগে সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠেছেন তাঁর পরিবারের সদস্যরা। স্ত্রী নিয়মিত তিন বেলা কুকুরগুলোর জন্য ভাত রান্না করে সহযোগিতা করেন। পাশে রয়েছেন মা-বাবা ও ছেলে। পরিবারের সমর্থনেই দীর্ঘদিন ধরে এই ব্যতিক্রমী দায়িত্ব পালন করে যাচ্ছেন আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, “আমি ছোটবেলা থেকেই পোষা প্রাণীদের খুব ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই করোনাকালে ঘাঘরবাজারে খাদ্যসংকটে থাকা কুকুরগুলোকে খাওয়ানো শুরু করি। যা আজও চলমান রেখেছি। এখন এসব কুকুরের প্রতি অন্য রকম ভালোবাসা তৈরি হয়েছে। কুকুরগুলোর প্রতি আমার ভালোবাসা এমন হয়েছে যে, আমি এখন কোথাও বেড়াতে গিয়ে থাকতে পারি না। ওদের কে খাওয়াবে, সব সময় এই ভাবনায় থাকি। কুকুরের প্রতি আমার এই ভালোবাসা আগামীতেও অব্যাহত থাকবে। তবে কুকুরের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এভাবে কতদিন ধরে রাখতে পারব, সেটি এখন চিন্তার বিষয়।”

### শান্ত হয়েছে কুকুরগুলো, বলছেন স্থানীয় ব্যবসায়ীরা

স্থানীয় ব্যবসায়ী মাজেদ বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। করোনার সময় থেকেই বাড়ির পাশে থাকা কুকুরগুলোকে খাবার দিয়ে আসছেন। প্রথম দিকে তাঁর এই কাজ নিয়ে উপহাস করলেও পরে বুঝতে পেরেছেন, এটি অত্যন্ত মানবিক উদ্যোগ। এখন তাঁরা আজাদকে এই কাজে উৎসাহ দেন।

মাজেদ আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের ঘটনা শোনা গেলেও ঘাঘরবাজারে আজাদের সান্নিধ্যে থাকা কুকুরগুলোকে নিয়ে এমন অভিযোগ শোনেননি। তাঁর মতে, আজাদের ভালোবাসা ও নিয়মিত যত্নে কুকুরগুলো যেন শান্তির ঠিকানা পেয়েছে।

খানমরিচ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন বলেন, “আবুল কালাম আজাদের এমন মানবিক উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ শুধু মানুষের জন্য নয়, অন্য জীবের জন্যও মানুষ। তিনি যে কাজটি করছেন, তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তাঁর মতো আমরা সবাই যদি প্রাণীদের ভালোবাসতাম, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। আমাদের উচিত, তাঁর মতো যারা প্রাণীদের ভালোবাসেন, তাদের পাশে দাঁড়ানো।”

একদিকে রাজনীতি, ব্যবসা ও দৈনন্দিন ব্যস্ততা, অন্যদিকে প্রতিদিন তিন বেলা কয়েক ডজন অসহায় প্রাণীর খাবারের দায়িত্ব। এই দুইয়ের মাঝে নিজের সময়, শ্রম ও সামর্থ্য থেকে ভাগ করে নেওয়া ভালোবাসাই আবুল কালাম আজাদের পরিচয়কে দিয়েছে ভিন্ন মাত্রা। রাস্তার কুকুরগুলো হয়তো ভাষায় কৃতজ্ঞতা জানাতে পারে না, কিন্তু প্রতিদিন খাবারের সময় তাদের ছুটে আসা, অপেক্ষা আর নিশ্চিন্তে খেয়ে নেওয়াই যেন বলে দেয়, তারা এই মানুষটিকে চিনেছে, বিশ্বাস করেছে।

মানুষের প্রতি ভালোবাসার কথা আমরা প্রায়ই বলি। কিন্তু সেই ভালোবাসা যখন নির্বাক প্রাণীর প্রতিও ছড়িয়ে পড়ে, তখন তা হয়ে ওঠে মানবতার আরও সুন্দর এক ছবি। ঘাঘরবাজারের এই গল্প তাই শুধু কুকুরকে খাবার দেওয়ার গল্প নয়, এ গল্প মমতা, দায়িত্ববোধ আর জীবের প্রতি ভালোবাসার।