মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে স্বর্ণালংকার, রুপার গহনা, টেলিভিশন ও তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের দক্ষিণপাড়ায় মো. আব্দুল মালেক ফকিরের (৭০) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি মৃত ছানাউল্লাহ ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মুখে গামছা পেঁচিয়ে এবং হাতে হাসুয়া নিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে পানি খাওয়ার কথা বলে কৌশলে বৃদ্ধ মালেক ফকিরকে ঘরের বাইরে ডেকে আনে তারা। একপর্যায়ে হাসুয়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁকে জিম্মি করে ঘরের ভেতরে থাকা টিনের বড় বাক্স তল্লাশি করে দুর্বৃত্তরা।

এ সময় বাক্স থেকে একটি স্বর্ণের টিকলি, এক জোড়া স্বর্ণের কানের দুল ও কিছু রুপার গহনা লুট করে নেয় তারা। এ ছাড়া বাড়ি থেকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, দুটি বাটন মোবাইল ফোন ও একটি টাচস্ক্রিন মোবাইল ফোন নিয়ে যায়। পরে বাড়ির দক্ষিণ পাশের বিলের মধ্য দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দণ্ডবিধির ৩৯২ ধারায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত এবং অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হবে। এ ঘটনায় এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, বসতবাড়িতে ঢুকে গভীর রাতে অস্ত্রের মুখে বৃদ্ধকে জিম্মি করে ডাকাতির ঘটনায় গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের টহল বাড়ানোর পাশাপাশি দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।