মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার সরাসরি মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া বাজারের স্মৃতি শহীদ চত্বরে ইউএনও সুরাইয়া মমতাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ব্যবহারের বিষয়টি যাচাই করা হয়। এ সময় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের সতর্ক করা হয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে ইউএনও সুরাইয়া মমতাজ চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং দুর্ঘটনা থেকে সুরক্ষায় মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।