মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় সার-বীজের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। কৃষকদের মধ্যে সারের সংকট নিয়ে অসন্তোষ এবং পাশের চাটমোহরে সার লুটের ঘটনার প্রেক্ষাপটে সার মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহানের আহ্বানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
সভায় উপজেলার সার ও বীজের সরবরাহ, মজুত, বাজারমূল্য এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তিতে ফেলা যাবে না। এ জন্য সংশ্লিষ্ট ডিলার ও কৃষি বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক এরশাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী। এ ছাড়া উপজেলার সার ডিলার ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.