বিকাশ কুমার দাস, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন। সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. একরামুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন, যুব উদ্যোক্তা ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, রেললাইন দক্ষিণপাড়া যুব সংগঠনের সভাপতি মো. সুজন আহম্মেদ, সফল যুব উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সরকার হুমায়ূন আহমেদ মুন, মো. সাগর হোসেন এবং সফল যুব উদ্যোক্তা মো. রাফিউল ইসলাম রানা।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা বাড়ানো প্রয়োজন। যুবকদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং নতুন উদ্যোক্তা হতে আগ্রহী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো এবং তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।