ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজের ওপর ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ১৩ বছরের কিশোর সামিউল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৪৭ মিনিটে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড় ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার কুঠিপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল সামিউল। বিকেলে দুই ভাই ঘুরতে বের হয়ে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যায়। একপর্যায়ে তারা বড়াল ব্রিজের ওপর উঠলে দ্রুতগতিতে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এ সময় দুই ভাই সরে যাওয়ার চেষ্টা করে। বড় ভাই নিরাপদে সরে যেতে পারলেও ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সামিউল। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোর বয়সেই সামিউলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।