পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক দুটি অভিযানে ১০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় স্বপন ফকির (৩৮) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।

রোববার (১৮ অক্টোবর) সাঁথিয়া উপজেলার করমজা মধ্যপাড়া ও সিলন্দা বড় মসজিদপাড়া এলাকায় অভিযান দুটি চালানো হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে করমজা মধ্যপাড়া এলাকায় ইছামতী নদীর পাশে একটি দোচালা ঘরের পেছনে অভিযান চালিয়ে শাকিল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাকিল ওই এলাকার আলম মোল্লার ছেলে।

একই দিন রাতে সিলন্দা বড় মসজিদপাড়ায় পলাতক স্বপন ফকিরের বাড়ির উঠানে অভিযান চালায় ডিবির আরেকটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবুজ প্রামাণিক (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্বপন ফকির পালিয়ে যান।

পরে সবুজের দেহ তল্লাশি করে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া স্বপন ফকিরের ফেলে যাওয়া একটি শপিং ব্যাগ থেকে ১০০ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার সবুজ প্রামাণিক সাঁথিয়া উপজেলার আটিয়াপাড়া এলাকার ইয়াকুব প্রামাণিকের ছেলে। আর পলাতক স্বপন ফকির সিলন্দা এলাকার মৃত ময়েন ফকিরের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাবনার বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সাঁথিয়া ও আশপাশের এলাকায় সরবরাহের কথা জানিয়েছেন।

এ ঘটনায় সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।