ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। একই সঙ্গে বিদ্যালয়টি ভাঙ্গুড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে প্রথম স্থান লাভ করে।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম মোস্তফা বাবলুসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, অভিভাবক ও সমগ্র ভাঙ্গুড়াবাসীর গর্বের। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আরও বড় অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয় কাজ করে যাবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ২৮ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন ভাঙ্গুড়ার শিক্ষা ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত। এ সাফল্যের পেছনে শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে অবদান রেখেছে। তিনি শিক্ষার্থীদের এ অর্জন ধরে রেখে ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।