ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে অভিযোগটি সাজানো নাটক বলে প্রমাণিত হওয়ার পর আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং ডেইরি ফার্মের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ জুন জনতা ডেইরি ফার্মের ম্যানেজার মো. নাজমুল হোসেন অভিযোগ করেন, ফার্ম থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে হাত-পা বেঁধে ও মুখে শপিং ব্যাগ ঢুকিয়ে নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত এবং গোপন তথ্য সংগ্রহ শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার বর্ণনায় অসঙ্গতি ধরা পড়লে অভিযোগকারী নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কথিত ছিনতাইয়ের ঘটনাটি বাস্তবে ঘটেনি। আত্মসাতের উদ্দেশ্যে তিনি নিজেই ঘটনাটি সাজিয়ে পুলিশকে ভিন্ন তথ্য দিয়েছিলেন।

পরে ১৬ জুন নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে জনতা ডেইরি ফার্মে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখিয়ে দেওয়া স্থানে ফার্মের কিচেন রুমে থাকা একটি ফ্রিজের ওপর থেকে ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ আইনানুগভাবে জব্দ করে মালখানায় জমা রাখা হয়েছে।

এ ঘটনায় নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও সত্য উদ্ঘাটনে তারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।