ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের গতি এবং কাজের মান নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভা হলরুমে আয়োজিত এ সভায় উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।
পৌরসভা সূত্রে জানা যায়, সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন LGCRRP, UIIP ও ADP প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, কাজের গুণগত মান, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট (RMSU) রাজশাহীর উপ-পরিচালক মাহবুবুল আলম এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম।
আলোচনায় পৌর এলাকার সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জনসেবামূলক অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব নগর উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে। সংশ্লিষ্টরা নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্নে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেন।
প্রধান অতিথি কবির আহামদ বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, গুণগত মান এবং সময়ানুবর্তিতা বজায় রাখা জরুরি। তিনি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অতিথিরা ভাঙ্গুড়া পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংশ্লিষ্টদের আশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হলে ভাঙ্গুড়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

Leave a Reply
You must be logged in to post a comment.