ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

শুক্রবার (৫ জুন) রাতে ভাঙ্গুড়া থানার পুলিশ নিয়মিত টহল ডিউটির সময় উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামের মোড়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মো. বিপুল হোসেন (২৫), পিতা- ইমাম আলী, গ্রামের বাড়ি উত্তর মেন্দা, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা।

ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড)কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।