ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে দিনব্যাপী এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এ কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (৪ জুন) ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শারুটিয়া কমিউনিটি সেন্টার কাম-পাবলিক লাইব্রেরি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মো. গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জমির পরিমাণ দিন দিন কমছে, অথচ জনসংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সীমিত জমিতে অধিক ফলন পেতে আধুনিক উৎপাদন প্রযুক্তি ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের বিকল্প নেই।” তিনি আসন্ন আমন মৌসুমে ব্র্যাকের জনপ্রিয় ‘ব্র্যাক ধান-১০’‘রাজা’ জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিক রাহা, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, বগুড়া অঞ্চল। তিনি কৃষকদের কাছে ব্র্যাকের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন। এছাড়া দেশের ধান উৎপাদন বৃদ্ধিতে হাইব্রিড ধান চাষের গুরুত্ব এবং ব্র্যাকের বিভিন্ন হাইব্রিড জাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় ব্র্যাক সিড, পাবনার টিএসও সুমন সাহা আধুনিক বীজতলা প্রস্তুত, সঠিক বয়সে চারা রোপণ, সুষম সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি ধানের ফলন বৃদ্ধিতে লাইন রোপণ ও আধুনিক চাষ পদ্ধতির উপকারিতা তুলে ধরেন।

অনুষ্ঠানে এলাকার প্রায় ৬০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের জনপ্রিয় ‘রাজা’ ধানের বীজ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনার সঙ্গে আরও সম্পৃক্ত করতে এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক সিড এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইমরান হোসেন, এএসও, ব্র্যাক সিড, পাবনা; মো. রফিকুল হাসান, ডিলার, ভাঙ্গুড়া, পাবনাসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি।