ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধী শিশু জিহাদ (৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের জাফর ইকবাল ও খাদিজা খাতুন দম্পতির একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে জিহাদ নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গত রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। পরদিন জিহাদের বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলমান রয়েছে।
শিশু জিহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.