ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ৭ দিনব্যাপী ঈদ আনন্দ মেলা শুরু হয়েছে। শনিবার (৩০ মে) উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ সংলগ্ন খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সার্বিক সাফল্য কামনা করেন।

মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে দি বুলবুল জয়া সার্কাস, নাগরদোলা ও হাতির প্রদর্শনী। পাশাপাশি কসমেটিকস, গৃহস্থালি সামগ্রী, খেলনা ও বিভিন্ন ধরনের খাবারের দোকানও বসেছে। আয়োজকদের প্রত্যাশা, নানা আয়োজনের সমন্বয়ে মেলাটি সব বয়সী মানুষের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান এবং সাবেক পৌর বিএনপির সভাপতি শামসুল হক। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গুড়ায় বড় পরিসরে এমন একটি মেলার আয়োজন করা হয়েছে। তাই মেলাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে মেলায় কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও তারা জানান।

মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিউল আযমের নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ সময় থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমারঅপূর্ব কুমারসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, বিনোদন ও সামাজিক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে এবারের ঈদ আনন্দ মেলা।