বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে দুইটি মেডিকেল হলে অভিযান চালিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পেচাকোলা বাজারের নুসরাত মেডিকেল হল এবং ডাকবাংলো বাজারের বেড়া মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (ঘ) ধারায় নুসরাত মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত নুরনবীকে ৭ হাজার টাকা এবং বেড়া মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মিঠুন সাহা ও তাঁর প্রতিনিধিরা এবং বেড়া মডেল থানার এসআই আলী আজমের নেতৃত্বে পুলিশের একটি সহায়ক দল উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ঔষধের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।