বেড়া প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার জোড়দাহ গ্রামে চুরি ও অগ্নিসংযোগের এক ভয়াবহ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একটি বসতবাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নেওয়ার পর আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৩ মে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. দেলোয়ার হাসান পলাশ জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি, ট্রাংক ও ওয়ারড্রোব ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার ও গ্যাস সিলিন্ডারও রয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় ৩টার দিকে প্রতিবেশী মো. মোতালেব বাড়িটিতে আগুন জ্বলতে দেখে দেলোয়ার হাসানকে ফোনে খবর দেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্রসহ পুরো বাড়িটি পুড়ে যায়।

আগুন নেভানোর পর দেখা যায়, দুটি কক্ষের তালা ভাঙা এবং আলমারি ও ট্রাংকের লকার ভাঙচুর করা হয়েছে। এতে ঘটনাটি পরিকল্পিত চুরি ও অগ্নিসংযোগ বলে ধারণা করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।