চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার জারদিস মোড়ে চোর সন্দেহে আয়েতাল হোসেন নামে এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও দর্পণ নিউজে প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আয়েতাল হোসেনের এলাকার স্থানীয়দের দাবি, আয়েতাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এমনকি কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন বলে জানান তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারদিস মোড়ে চোর সন্দেহে আয়েতাল হোসেনকে স্থানীয় কয়েকজন মারধর করেন। ঘটনার ভিডিও প্রকাশের পর আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন এলাকা থেকে বেশ কয়েকজন ব্যক্তি ফোন করে দর্পণ নিউজকে জানান, আয়েতাল হোসেন তাদের এলাকার পরিচিত ব্যক্তি এবং তিনি মানসিক সমস্যায় ভুগছেন। এ ঘটনায় তাকে মারধরের বিষয়টি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেন।

একদন্ত ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম পান্না জানান, আয়েতাল হোসেন তার বাড়ির কাছেই থাকেন। স্থানীয়রা তাকে ‘আয়েতাল পাগল’ নামে ডাকেন। তিনি বলেন, “উনি এর আগে পাবনা মানসিক হাসপাতালেও ছিলেন। কয়েক মাস ভালো থাকেন, আবার মাথায় সমস্যা হয়। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন।”

আয়েতাল হোসেনের বিষয়ে তার বাড়ির পাশের বাসিন্দা একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকুও একই ধরনের কথা বলেন। একই গ্রামের বাসিন্দা মাওলানা মতিউর রহমানও তাকে দীর্ঘদিন ধরে চেনেন, তিনিও বলেন সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

একদন্ত ইউনিয়নের জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি এবং আরবি উলা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বলেন, হোসেনকে ভুল বোঝাবুঝির কারণে চোর সন্দেহ করা হয়ে থাকতে পারে। কারও বিরুদ্ধে চুরির অভিযোগ বা সন্দেহ থাকলে তাকে মারধর না করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের প্রতি আরও মানবিক ও সহনশীল আচরণের প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে।