পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ রত্না খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার জিডির ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে আটঘরিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকায় দিরাজের ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রত্না খাতুন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী।

পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা বাজারের একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। ডিজিটাল নিক্তিতে ওজন করে গাঁজাটি জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রত্না খাতুন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।