নিজস্ব প্রতিবেদক, আটঘরিয়া (পাবনা): পাবনার আটঘরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২০ জুন) সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহর নির্দেশনায় আটঘরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের অভিযোগে নয়জনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের আদালতে হাজির করা হলে বিচারক অপরাধের ধরন অনুযায়ী পৃথকভাবে সাজা প্রদান করেন।

রায়ে গাঁজা সেবনের দায়ে দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর রাধানগর বাগানপাড়া এলাকার মোঃ মাসুম (১৯) ও মোঃ জসিম শেখ (২৫)।

অন্যদিকে, মদ সেবনের দায়ে সাতজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আটঘরিয়ার ধলেশ্বর মধ্যপাড়া এলাকার মোঃ মুন্না (২০), নাহিদ (২০), মোঃ রোকন হোসেন (২৫), মতিগাছা এলাকার মোঃ আকাশ (২০), মোঃ নাইমুর রহমান (২৬) এবং পাবনা সদরের দক্ষিণ রাঘবপুর এলাকার মোঃ ফরিদ উদ্দিন (৩১) ও মোঃ ফরহাদ হোসেন (৪০)।

পাবনার পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি মাদক নির্মূলে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।