পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ মোঃ দেলোয়ার হোসেন লালন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আটঘরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবোত্তর গ্রামে তাঁর বসতবাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ার হোসেন লালনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর ডান হাতে থাকা সাদা পলিথিন তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন লালন দেবোত্তর গ্রামের মৃত সাইদুল হক দুলাল ও মৃত দুলালী খাতুনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা অনুযায়ী আটঘরিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.