চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সরকারি কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. সারোয়ার আহমেদ চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে দ্বিতীয় শ্রেণির সরকারি কোয়ার্টারে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বিকেল ৫টার দিকে সারোয়ার আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে কোয়ার্টারে তালা লাগিয়ে ঢাকায় প্রয়োজনীয় কাজে যান। ১১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ফিরে এসে দেখেন, কোয়ার্টারের দরজা ভেতর থেকে আটকানো। পরে পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। ঘরে ঢুকে তিনি স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাননি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চোরেরা এক জোড়া স্বর্ণের বালা, তিনটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, এক জোড়া নুপুর এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য চার লাখ টাকা।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিউর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে তদন্ত চলছে।