পাবনা প্রতিনিধি: পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার নুরমহল্লা ও ফতে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গজমতিকুন্ডা গ্রামের জিয়া (৪৫), নুরপুর গ্রামের টিপু সুলতান (৫৫) এবং ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোড এলাকার মো. জিয়াউল করিম (৪০) ও পূর্ব নুরমহল্লা এলাকার মো. বিপ্লব (৩৮)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান, উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, চলতি অক্টোবর মাসে ১০ তারিখ পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে মোট ৪২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.