পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ মোড়ের পশ্চিমপাড়ার হাসেম প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ঈশ্বরদী থানা-পুলিশ মিজানুর রহমানকে তার নিজ এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যার জিআর নম্বর ১০৯/১৩।

মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।